জামালপুর জেলার সরিষাড়ীতে যৌথ অভিযান চালিয়ে ভিজিএফের ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন একটি ভাড়াটিয়া দোকানে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আশিক মিয়া, শান্ত মিয়া ও মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের রায়হান মিয়া।
সেনাবাহিনীর ২৬ বীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার এসআই ফখরুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিলের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণের জন্য বরাদ্দকৃত ৫৬ বস্তা, অর্থাৎ দুই হাজার আটশ কেজি চাল অবৈধভাবে মজুদ করে বস্তা পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে ইজিবাইকে করে নিয়ে যাওয়ার সময় সেগুলো জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে উদ্ধারকৃত চাল ও আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ৫৬ বস্তা চাল এবং আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর