সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায় রেইনবো আইস ললি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে অননুমোদিত ফুড কালার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। পরে কারখানার মালিককে জরিমানা করা হয় এবং প্রায় ৫০ বস্তা আইস ললি ও তিন হাজার ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।
কর্তৃপক্ষ জানায়, এ সকল পণ্য শিশুদের জন্য ক্ষতিকর এবং এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর