নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ল্যাপটপ, ৩০০ সিসি মোটরসাইকেল ও মাদকসহ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশ।
শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া।
অভিযানে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন থানায় অসংখ্য অভিযোগ জমা পড়ছে। এছাড়া, মাদকাসক্তির কারণে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর