ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বিজয়পুর সীমান্ত দিয়ে আড়াপাড়া এলাকায় বিওপির ১১৪৮/৪ এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফ তাদের পুশইন করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতদের বাড়ি চট্টগ্রাম, ঢাকা, পটুয়াখালী, রাজবাড়ী, জামালপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায় অবস্থিত।
নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে টহলরত একটি দল বৃহস্পতিবার ভোরে বিজয়পুর আড়াপাড়া এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন করা ২১ জনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের সন্ধানে বিভিন্ন সময়ে তারা দিল্লীতে গিয়েছিলেন। ভারতীয় বাহিনী তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করে বুধবার (৯ জুলাই) নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে আসাম হয়ে বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা সীমান্তের অভ্যন্তরে পুশইন করে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর