নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা–সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা আবেদনের ওপর উদ্ভূত আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করবে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের কার্যতালিকায় বিষয়টি ঘোষণার জন্য প্রথমে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ গত ১১ নভেম্বর রায় ঘোষণার এ দিন ঠিক করেন। এর আগে ২১ অক্টোবর থেকে ১০ কার্যদিবস ধরে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ ও বিএনপি–জামায়াতসহ আবেদনকারীরা বলেন, আগামী নির্বাচন নয়, তার পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হওয়া উচিত। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২০১১ সালের রায় পুনর্বিবেচনা করে বাতিলের আবেদন জানান তারা।
রিটের পক্ষে ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের পক্ষে শিশির মনিরসহ ইন্টারভেনরদের কয়েকজন আইনজীবী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
২০১১ সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজনের ড. বদিউল আলম মজুমদার, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন আবেদন করেন। চারটি আবেদনের ওপর শুনানি শেষে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত, যার রায় আজ।
সাজু/নিএ
সর্বশেষ খবর