রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে সন্দেহজনক তিনজনকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— ইনামে হামীম (চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা), মো. রুহুল আমিন (৪৬) (চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা) এবং মো. ওমর ফারুক।
গুলশান থানার ওসি জানান, একজনকে শনিবার দিবাগত গভীর রাতে এবং বাকি দুইজনকে রোববার সকালে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও সিএসএফ সূত্র জানায়, শনিবার গভীর রাতে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির আশপাশ থেকে সন্দেহজনক অবস্থায় ইনামে হামীমকে আটক করা হয়। এরপর রোববার সকাল ১০টা ৫০ মিনিটে একই এলাকার ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে মো. রুহুল আমিনকে আটক করা হয়। এছাড়া, সকাল ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুককে আটক করা হয়।
পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে দেহ তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘদিন পর দেশে ফিরে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর