মায়েদের ইজ্জতে টান দেওয়ার চেষ্টা করলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় জামায়াত আমির বলেন, “আমরা মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। এমন একটি দেশ চাই, যেখানে নারীরা পূর্ণ ইজ্জত ও মর্যাদা নিয়ে বসবাস করবে। আমাদের জীবনের চেয়েও মায়েদের ইজ্জতের মূল্য আমরা বেশি বুঝি। সব কিছু সহ্য করা যায়, কিন্তু মায়ের ইজ্জতে টান দেওয়া কোনোভাবেই সহ্য করা হবে না।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ক্ষমতার লোভে একটি রাজনৈতিক দল খুন-খারাবিতে লিপ্ত রয়েছে। তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে। নতুন করে কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, কোন জায়গা থেকে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তা তারা শনাক্ত করেছেন। তিনি বলেন, “আমি হাসিনাকে পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টকেও প্রশ্রয় দেব না।”
পথসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর