আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিকে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই তিন মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, এ সময়ে সারাদেশে মোটামুটি স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই সময়ের শেষ ভাগে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি বলেন, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান তিনি।
এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষার্ধে দেশের বিভিন্ন স্থানে ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি, বজ্রসহ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশে ৩ থেকে ৫টি মৃদু তাপপ্রবাহ (৩৭ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি তাপপ্রবাহ (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর