ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, রাসুল হজরত মুহাম্মদ (সা.) নিজেও কাউকে জান্নাতের টিকিটের গ্যারান্টি দিয়ে যাননি। সেখানে একটি রাজনৈতিক দল জামায়াত কীভাবে মানুষকে জান্নাতের নিশ্চয়তা দেয়, এটা জনগণের বিবেকের প্রশ্ন।
তিনি আরও অভিযোগ করেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা ইসলাম ধর্মের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ইসলাম কখনোই ক্ষমতার সিঁড়ি নয়, ইসলাম মানুষের নৈতিকতা, মানবতা ও ন্যায়বিচারের শিক্ষা দেয়। যারা ধর্মকে ভোটের বাজারে পণ্য বানায়, তারা আসলে ধর্মেরই অবমাননা করে।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা ধর্মীয় আবেগে নয়, বরং উন্নয়ন, গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সিদ্ধান্ত নিতে চায়। বাংলাদেশের মানুষ জানে জান্নাতের মালিক আল্লাহ। কোনো রাজনৈতিক দল, কোনো নেতা জান্নাতের চাবি হাতে নিয়ে বসে নেই। যখন রাজনৈতিক কর্মসূচিতে জান্নাত-জাহান্নামের কথা বলা হয়, তখন বুঝতে হবে রাজনৈতিক দেউলিয়াত্ব কোথায় গিয়ে ঠেকেছে।
তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে জামায়াত বারবার ধর্মের অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু জনগণ সেই ফাঁদে আর পা দেবে না। ১৯৭১ সালে যারা জাতির সংকটে ভুল পথে দাঁড়িয়েছিল, তারা আজও ভুল রাজনীতির ধারায় আছে। আমরা মুসলমান, ইসলাম আমাদের জীবনব্যবস্থা। কিন্তু রাষ্ট্র পরিচালনা হবে সংবিধান, আইন ও জনগণের ভোটের মাধ্যমে, এটাই গণতন্ত্র।
তিনি আরও বলেন, বিএনপি কখনোই ধর্মের বিরুদ্ধে নয়, বরং ধর্মের নামে রাজনীতি ও ব্যবসার বিরুদ্ধে।
সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর