দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।
এর আগে গত রোববার ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়াও গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা। এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়। ওইদিন প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী ছিল বলে সে সময় জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
মাসুম/সাএ
সর্বশেষ খবর