নির্বাচনকালীন সময়ে নারী হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভোট কেন্দ্র ও এর আশেপাশে নারী ভোটারদের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, নারী ভোটার ও নারীকর্মীদের হয়রানির প্রতিবাদে ভ্রাম্যমান আদালত কার্যক্রম জোরদার করা সহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, বিএনপি'র সশস্ত্র ক্যাডাররা নানাভাবে মহিলা জামাতের নেত্রীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেত্রী ও কর্মী বোনদেরকে হেনস্থা করছে। প্রকাশ্যে মা-বোনদেরকে লাথি মারছে, মাথায় আঘাত করছে,বস্ত্র খুলে নেওয়া হুমকি দিচ্ছে, ১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছে।
বক্তারা বলেন, নির্বাচনের আগে যদি এই সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতে না আনা হয় তাহলে ভোটের দিন নারী ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন না। প্রশাসন যাতে ভোটের আগেই নারীদের ভোটকেন্দ্রে যাওয়ার মত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
এ সময় নোয়াখালী জেলা জামাতের মহিলা শাখার জেলা সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রেহানা বিনতে আলী, শহর কর্ম পরিষদ সদস্য জান্নাতুল মাওয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর