গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ঢাকা মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এদিন স্বাভাবিক সময়সূচির বাইরে অতিরিক্ত মেট্রো ট্রেন পরিচালনা করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল)–এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ভোটারদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে মেট্রোরেল পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন সময় যাত্রীদের চাপ বিবেচনায় নিয়ে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে নিজ নিজ ভোটকেন্দ্রে যেতে পারেন।
এমটিসিএল সূত্র জানায়, নির্বাচনকালীন দিনটিতে মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীসেবায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন উপলক্ষে রাজধানীতে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভোটারদের চলাচল স্বাভাবিক রাখতে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মেট্রোরেলের এই বিশেষ ব্যবস্থা ভোটারদের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ঢাকা শহরের অন্যতম প্রধান গণপরিবহন হিসেবে মেট্রোরেল বর্তমানে প্রতিদিন লক্ষাধিক যাত্রী পরিবহন করছে। নির্বাচন উপলক্ষে মেট্রোরেলের এই উদ্যোগ ভোটার উপস্থিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর