ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ২টায় দীঘিনালা উপজেলার রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতির সক্ষমতা প্রদর্শন করা হয়। বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম তুলে ধরা হয়।
মহড়াটি পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি, উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি এবং মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।
নির্বাচনী মহড়ায় দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা ভোটকেন্দ্র সুরক্ষা, টহল পরিচালনা, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে মহড়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
মহড়া শেষে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। এই মহড়া সেই প্রস্তুতিরই অংশ।” স্থানীয়দের মতে, নিরাপত্তা বাহিনীর এ ধরনের দৃশ্যমান প্রস্তুতি ভোটারদের আস্থা বাড়াবে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহায়ক হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর