পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী সারজিস আলম জনসভায় বক্তব্য দিয়ে প্রচারণা শেষ করেছেন। সোমবার বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে তিনি প্রচারণা শেষ করেন।
সারজিস আলম হাজার হাজার উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আগামী ১২ তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই, ১২ তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই লড়াইয়ে জিতবো ইনশাআল্লাহ।”
নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “যদি কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কোনো বাস্তবায়নের অপচেষ্টা করা হয়, তাহলে সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতির কথা যেন স্মরণ রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশে আমরা ১১ দলীয় জোট জয়ী হলে আমাদের নারীরা যাতে দিনে রাতে অবাধে চলাফেরা করতে পারে, মাদকাসক্ত বখাটে মুক্ত নারীদের জন্য পরিবেশ আমরা তৈরি করব।”
সারজিস বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যদি বিএনপি পরাজিতও হয়, তাহলে বিএনপি’র নিরপরাধ নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করব।” এ সময় সারজিস পঞ্চগড়ের উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় জেলা এনসিপি’র জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলী নয়নের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপি’র সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
এর আগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শাপলা কলি মার্কার ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে ভোটাররা বিকেল তিনটা থেকে জড়ো হতে শুরু করে। জনসভায় আসরের নামাজ আদায় করেন ১১ দলীয় জোটের কর্মী সমর্থকরা। জনসভা শেষে মিছিল করতে করতে সভাস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর