আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। এ সময় নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
পুলিশ সুপার তার বক্তব্যে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
ব্রিফিং প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের অফিসার, ফোর্স ও নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলা পুলিশ একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর বলে জানানো হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর