মোংলা হ্যালিপেড ও ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দুইটি বড় নির্বাচনী জনসভার পর মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ও বিএনপির উপজেলা ও পৌর শাখার পৃথক জনসভা শেষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই পরিচ্ছন্নতা অভিযানে মোংলা উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন। মাঠজুড়ে পড়ে থাকা পলিথিন, প্লাস্টিক, কাগজসহ পরিবেশ দূষণকারী আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা হয়।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। জনসভা শেষে মাঠ পরিষ্কার করে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম পলাশ বলেন, সোমবার এই দুইটি মাঠে পৃথকভাবে জামায়াত ও বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় আমরা মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেই। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একসঙ্গে কাজ করে মাঠটি পরিচ্ছন্ন করে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম পলাশ, সদস্য সচিব মো. ফকির জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, মো. সোহেল মাহমুদ রানা, পৌর ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর