বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় মোট ভোট কেন্দ্র ৩১২ টি। ভোট কক্ষ ১ হাজার ৮৭৪ টি। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার ও ভোটের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। রাতে ভোট গ্রহণকারী কর্মকর্তারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন সদস্য আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও নৌবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা রিটানিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের (উপজেলা নির্বাহী অফিসার) কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানিয়েছেন, বরগুনা-১ আসনে ১৯০ টি কেন্দ্রে ১ হাজার ১৩৩ টি ভোট কক্ষ এবং বরগুনা-২ আসনে ১২২টি ভোট কেন্দ্রে ৭৪১ টি ভোট কক্ষ রয়েছে। জেলার মোট ভোটার ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। যাদের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৭৭০ জন পুরুষ, ৪ লাখ ২৭ হাজার ১৩০ জন নারী, ১৫ জন হিজড়া ও ১১ হাজার ২৫৮ জন পোস্টাল ভোটার।
বরগুনার ছয়টি উপজেলা নিয়ে দুটো নির্বাচনী আসন। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে ১০৯ বরগুনা-১ আসন। এ আসনে ২ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন নারী ও ১১ জন হিজড়া, ৬ হাজার ২৮৭ জন পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। ভোট কেন্দ্র ১৯০ টি। বরগুনা-১ আসনে প্রার্থী আছেন, ৪ জন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর মধ্যে ভোটের লড়াই হবে।
বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে ১১০ বরগুনা-২ আসন। এ আসনে ১ লাখ ৬৪ হাজার ১৮৫ জন পুরুষ, ১ লাখ ৬৮ হাজার ৫৫৪ জন নারী, ৪ জন হিজড়া, ৫ হাজার ১ জন পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। ভোট কেন্দ্র ১২২ টি। বরগুনা-২ আসনে প্রার্থী আছেন ৯ জন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদের মধ্যে ভোটের লড়াই হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর