চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইয়াবা সেবনরত অবস্থায় সাতজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বরুমচরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বরুমচরা এলাকায় একটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় সাতজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বিডি২৪লাইভকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক সাতজনকে আজ আদালতে চালান দেওয়ার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর