রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীরামপুর বাজারসংলগ্ন এলাকায় মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি জড়ো হয়ে যুবলীগের ব্যানার টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল করে। একপর্যায়ে তারা বালিয়াকান্দি-মধুখালী সড়ক অবরোধের চেষ্টা করে।
এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন বাধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল ফেলে যায় বলে জানা গেছে।
জামালপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু অভিযোগ করেন, নির্বাচনের একদিন আগে আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে নাশকতার চেষ্টা করেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর