• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ রাত

ফরিদপুর-২ আসনে ভোটের আগের রাতে কেন্দ্র দখল ও হুমকির অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ভোটের আগের রাতে কেন্দ্র দখল, এজেন্টদের ওপর হামলা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ মো. আকরাম আলী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রিকশা প্রতীকের এজেন্টদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে না পারেন।

গত বুধবার রাত ৮টার দিকে সালথা উপজেলা সদর বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে শাহ মো. আকরাম আলী বলেন, "আমাদের কেন্দ্র এজেন্টদের বলা হচ্ছে—যদি তাঁরা ভোটকেন্দ্রে যান, তাহলে তাঁদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। নির্বাচনের পর এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের কিছু লোকজন প্রকাশ্যে কেন্দ্র দখলের পরিকল্পনার কথা বলছে। "ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট কেন্দ্রে থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে—এমন কথাও শোনা যাচ্ছে," বলেন তিনি। এতে করে তাঁর সমর্থক ও এজেন্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন প্রার্থী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে রিকশা মার্কার কর্মী-সমর্থকদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। "কিছু এলাকায় আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছে। পোস্টার ছেঁড়া, মাইকিংয়ে বাধা এবং রাতের আঁধারে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে," দাবি করেন তিনি।

মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ভোটারদের মধ্যে আস্থাহীনতা তৈরি হবে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কোনো প্রার্থী বা এজেন্ট ভয়ভীতির শিকার না হন।" শাহ মো. আকরাম আলী নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান।

তিনি বলেন, "আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কোনো পক্ষ যেন প্রভাব বিস্তার করতে না পারে।"

এদিকে স্থানীয় কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় নির্বাচনী উত্তেজনা বিরাজ করছে। তাঁরা চান, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিক এবং সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হোক।

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, "এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

জানতে চাইলে এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই প্রার্থী এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেননি। এছাড়া উপজেলাটিতে তিনজন ম্যাজিস্ট্রেট রয়েছেন, যাঁরা সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছেও কোনো অভিযোগ করেননি। যদি প্রার্থী লিখিত অভিযোগ দেন নির্বাচনী বিধিমালা অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ফরিদপুর-২ আসনে এবারের নির্বাচনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে উত্তেজনা বাড়লেও প্রশাসন দাবি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোটের আগের রাতে এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]