• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২০ রাত

কক্সবাজারের চার আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কক্সবাজারে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর মধ্যেই বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক তথ্য বলছে, জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন। যদিও চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

কক্সবাজার–১ চকরিয়া–পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার–১ আসনটি এবার জাতীয় রাজনীতিতেও আলোচনায় ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রার্থিতা এই আসনে বাড়তি গুরুত্ব এনে দেয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর তরুণ প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

গণনা শুরুর পর বিভিন্ন কেন্দ্রের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলের বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। দলীয় এজেন্টরা বলছেন, শেষ সপ্তাহের প্রচারণা ও গণসংযোগ ইতিবাচক প্রভাব ফেলেছে।

কক্সবাজার–২ দ্বীপাঞ্চলের সমীকরণ মহেশখালী–কুতুবদিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল পাঁচজনের মধ্যে। তবে মূল লড়াই গড়ে ওঠে সাবেক এমপি আলমগীর ফরিদ (ধানের শীষ) এবং জামায়াতের ড. এএইচএম হামিদুর রহমান আযাদের মধ্যে।

দ্বীপাঞ্চলের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ এগিয়ে আছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, সংগঠনের তৎপরতা ও কেন্দ্রভিত্তিক প্রস্তুতি এখানে বড় ভূমিকা রেখেছে।

কক্সবাজার–৩ সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার–৩ আসনে প্রার্থী ছিলেন ছয়জন। তবে ভোটারদের দৃষ্টিতে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপির লুৎফুর রহমান কাজল ও জামায়াতের শহীদুল আলম বাহাদুরের মধ্যে। গণনা চলাকালে শহর ও গ্রাম মিলিয়ে পাওয়া তথ্যে দেখা যায়, কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিএনপি প্রার্থী ব্যবধানে এগিয়ে আছেন। তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উখিয়া–টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার–৪ আসন বরাবরই জাতীয় আলোচনায় থাকে। রোহিঙ্গা সংকট, মাদক ও মানবপাচার, সীমান্ত নিরাপত্তা- এসব ইস্যু এই আসনকে আলাদা গুরুত্ব দেয়। স্থানীয়দের মধ্যে এটিকে ‘লক্ষ্মী আসন’ বলেও অভিহিত করা হয়; অতীতে এখানে যে দলের প্রার্থী জয়ী হয়েছেন, সেই দলই সরকার গঠন করেছে- এমন একটি বিশ্বাস প্রচলিত রয়েছে।

এবার বিএনপির প্রার্থী সাবেক চারবারের এমপি শাহজাহান চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির নুর আহমদ আনোয়ারী। প্রাথমিক গণনায় সীমান্তঘেঁষা কয়েকটি কেন্দ্র থেকে পাওয়া তথ্যে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন দলীয় এজেন্টরা। তবে সেখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলেও ধারণা করা হচ্ছে।

জামায়াতের নেতাকর্মীরা ভালো প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করেছিলেন। অনেক কেন্দ্রেই তাঁরা সক্রিয় ছিলেন, এজেন্ট বসানো ও ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চেষ্টা করেছেন। তবে সার্বিক চিত্রে বিএনপির নেতাকর্মীদের মধ্যেই সবচেয়ে বেশি উচ্ছ্বাস ও সক্রিয়তা দেখা গেছে। গণনা চলাকালে কয়েকটি কেন্দ্রে ব্যবধান ছিল ১৯–২০ ধরনের হাড্ডাহাড্ডি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিএনপি প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। ফলে সামগ্রিকভাবে মাঠের চিত্র বিএনপির পক্ষেই ঝুঁকে আছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকেরা।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখনো গণনা চলছে। সব কেন্দ্রের ফল একত্র হওয়ার পরই চূড়ান্ত চিত্র পরিষ্কার হবে। তবে প্রাথমিক যে ধারা দেখা যাচ্ছে, তাতে কক্সবাজারের চার আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। এখন দেখার বিষয়, এই অগ্রগতি শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফলেও বজায় থাকে কি না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]