গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে কমিশন। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং ভোটারসহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি নির্বাচন কমিশন কৃতজ্ঞতা প্রকাশ করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষে বর্তমানে ভোট গণনা কার্যক্রম চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন ছিল স্বচ্ছ ও সুশৃঙ্খল।
কুশল/সাএ
সর্বশেষ খবর