বগুড়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ বছর বয়সী এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর আলিফ (১৬) বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার মো. রিপন সাহার ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল। রিপন সাহার মালিকানাধীন রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আলিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সদর থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর