বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে বাসায় ফেরা হলো না। গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় মাসুম বারি (২৪) নামে এক যুবকের। জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বেলতলী মোড় নামক স্থানে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ওই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জয়পুরহাট শহরের রুপনগর এলাকার বাসিন্দা মাসুম বারি পিতা মতিয়র রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে মোটর সাইকেল নিয়ে শুক্রবার সকালে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাড়ি যায়। সেখানে জুম্মার নামাজ ও পিতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে বেলতলী মোড় নামক স্থানে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং গুরুতর আহত হন মাসুম।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুমকে মৃত্যু ঘোষণা করেন। বাবার মৃত্যুবার্ষিকীর দিনে ছেলের মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেশী মাহমুদুল ইসলাম জানান, মাসুম বারি একজন অত্যন্ত সদালাপী ও ভদ্র ছেলে ছিল। এলাকার যে কোন সমস্যায় সে সহযোগিতা করতো বলে মন্তব্য করেন তিনি।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ময়নাতদন্তের পর মাসুমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর