সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতা ইমনদোজা আহমেদ হামলার শিকার হয়েছেন। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনদোজা আহমেদ রাতে কাজীর পয়েন্ট এলাকায় পৌঁছালে একদল যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। হামলার পর স্থানীয়রা আহত ইমনদোজাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সহপাঠীদের মধ্যে অভ্যন্তরীণ কোনো ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর