নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। ফলে শনিবার সকালে বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করেন জামায়াত কর্মীরা। এরপরই উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমানসহ অন্তত ৬ জন আহত হন। এ সময় ৫ থেকে ৬টি বাড়িতে ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসিনুর রহমানসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর