মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে ঘিরে বিভিন্ন মাধ্যমে ‘অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য’ ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছিলেন।
রোববার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তিকর ও অনুমানভিত্তিক তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান।
তবে নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন বলে প্রেসসচিব উল্লেখ করেন।
রশীদের নিয়োগ বাতিল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে, এ বিষয়ে অহেতুক অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে।
গতকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার।
তার স্থলাভিষিক্ত হয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি এতদিন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর