তারেক রহমানের মন্ত্রিসভায় চমক থাকছে। ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করলেও, তাঁদের কেউই মন্ত্রিসভায় স্থান পাননি। ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রাখা হচ্ছে এই মন্ত্রিসভায়।
জানা গেছে, ঢাকা-১ আসনে খন্দকার আবু আসফাক ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা জেলা বিএনপির সভাপতি। ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান এবার নিয়ে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বিগত বিএনপি সরকারের শাসনামলে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা। ঢাকা-৩ আসনে বাবু গয়েশ্বর চন্দ্র রায় প্রথমবার ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি বর্তমানে দলের প্রেসিডিয়াম সদস্য।
এর আগে তিনি ৯১-৯৬ সালের বিএনপি শাসনামলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি সাভার আশুলিয়ার একজন জনপ্রিয় নেতা এবং এর আগে ঢাকা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা-২০ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তমিজ উদ্দিন, তাঁর রয়েছে বিশাল রাজনৈতিক ইতিহাস।
এঁদের মধ্যে কেউই মন্ত্রিত্ব না পাওয়ায় ঢাকা জেলাবাসী হতাশ হয়েছেন বলে একাধিক নেতাকর্মী জানিয়েছেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান মন্ত্রিত্ব পাচ্ছেন এমন সংবাদ ভাইরাল হয়েছিল। এসব সংবাদের প্রেক্ষিতে অনেকে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন বলেও জানা গেছে। তবে শেষ মুহূর্তে এসে ঢাকা জেলাবাসী কোনো মন্ত্রিত্ব পাননি বলে দলের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর