শিক্ষা মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বাদ দিয়ে সারা বছর মোট ৬৭ দিন ছুটি থাকবে।
শিক্ষাপঞ্জি অনুসারে, সবচেয়ে বড় ছুটি হচ্ছে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে, যা ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন (সাপ্তাহিক ছুটিসহ) বিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসের জন্যও নির্দিষ্ট দিনে ছুটি থাকবে।
প্রজ্ঞাপনে পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করা হয়েছে। অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত, নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মন্ত্রণালয় নির্দিষ্ট তারিখও নির্ধারণ করে দিয়েছে।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না এবং বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। বাইরে থেকে সংগৃহীত প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না। বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন নিষিদ্ধ, তবে একান্ত প্রয়োজনীয় ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষ্যে বিদ্যালয় ছুটি দেওয়া বা ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি পরিদর্শনের সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভর্তি কার্যক্রম বা অন্য পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর