শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেস সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার এবং ইউনুস একই বাসের সুপারভাইজার ছিলেন। তাদের দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।
শরীয়তপুর পদ্মা দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল জানান, এক্সপ্রেস সড়কের ওপর “খান পরিবহন” নামে একটি বাস যাত্রী ওঠানামার জন্য থামায়। এ সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা “কোটালিপাড়া স্টার এক্সপ্রেস” নামে আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় অন্তত ১০ আহত হয়েছেন। আহতদের শিবচর সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে শিবচর হাইওয়ে থানা-পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর