পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গত জুলাইয়ের ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদসহ বিগত ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক সহিংসতা, গুম ও হত্যার শিকার সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, 'আজকের এই দোয়া ও ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের আত্মশুদ্ধির, ঐক্যের এবং কৃতজ্ঞতার এক মহৎ মুহূর্ত। পবিত্র রমজান আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার প্রকৃত অর্থ। সেই পবিত্র মাসে আমরা একত্রিত হয়েছি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং জুলাই আন্দোলনসহ বিগত সময়ের রাজনৈতিক সহিংসতায় শহীদ সকল আত্মার শান্তির জন্য দোয়া করতে। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে আদর্শ, ত্যাগ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার।'
শাখা ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, 'তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয় লাভের পর এই রমজানে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি। ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করেছে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আর এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে বাকৃবিকে জাতীয়তাবাদের আঁতুড়ঘর ঘরে পরিণত করতে ছাত্রদল সফলভাবে এগিয়ে যাচ্ছে।'
বাকৃবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই শেষে তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিজয় লাভের পর এই পবিত্র রমজানে আমরা সমবেত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে আজকের ইফতারের আয়োজন করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে। সকল যৌক্তিক বিষয়ে ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে।'
আয়োজিত এই মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর