মোংলায় সুন্দরবনের বন্য শুকর শিকার করে তা হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জবাই করা একটি বন্য শুকর উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন-এর চাঁদপাই রেঞ্জের আওতাধীন মোংলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বৈদ্যমারি ও কাটাখালি টহল ফাঁড়ির মাঝামাঝি বুরবুড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একদল পাচারকারী জবাই করা একটি বন্য শুকর বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছিল। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া দিলে তারা শুকরটি ফেলে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি ও কাটাখালি টহল ফাঁড়ির সদস্যরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিবের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা বন্য শুকরটি উদ্ধার করেন। রাতেই মৃত শূকরটিকে ক্যাম্প এলাকায় কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে বন্য শুকর শিকার করে জবাই করে তা হরিণের মাংস বলে বিক্রি করে আসছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিব জানান, মোবাইল ফোনে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে দ্রুত অভিযান চালিয়ে শুকরটি উদ্ধার করা হয়েছে। জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবন ও এর বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর