আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলা শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীরা তাঁর আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন এবং তাঁর নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে কর্মী-সমর্থকদের প্রহরায় তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
এ ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা–সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী তাঁর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়। তিনি বলেন, “বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়।”
তিনি আরও বলেন, “১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে। তারা যদি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দল ও সরকার হিসেবে এ ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর