আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৮ হিসেবে নথিভুক্ত হয়েছে। একই দিনে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে; পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সেখানে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, এ ভূমিকম্প কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান ও ওয়ার্দাক প্রদেশের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন।
আফগানিস্তান প্রায়শই ভূমিকম্পের আঘাতের সম্মুখীন হয়, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। এই এলাকায় ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কারণে ভূমিকম্প বেশি অনুভূত হয়।
২০২৫ সালের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে পাহাড়ি গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ২,২০০ এরও বেশি মানুষ নিহত হন বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল।
এর কয়েক সপ্তাহ পর উত্তর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হন।
কুশল/সাএ
সর্বশেষ খবর