অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি বাঙালির আত্মমর্যাদা, সাংস্কৃতিক চেতনা ও অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস। ভাষা শহীদদের মহান আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে কিশোরগঞ্জ জেলা পুলিশ দিনটি গভীর সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে পালন করেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর