রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের বার্তা সংস্থা Anadolu Agency এক প্রতিবেদনে জানায়, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি ‘রবিনসন’ হেলিকপ্টার উদ্ধার করা হয়েছে। তবে এতে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই।
আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানায়, রোমনেনস্কি জেলায় নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় ধ্বংসাবশেষের পাশাপাশি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের এবং তার আকাশযানটি পরিচালনার অনুমতি ছিল না।
এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর