মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া এলাকা থেকে এই বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২টি কালো কসটেপ মোড়ানো আইইডি, যার দুই পাশে ব্যাটারি সংযুক্ত ছিল। এছাড়া লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার চাপাতি, প্রায় ৩১ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি ছুরি, প্রায় ৫ ফুট লম্বা একটি সাইকেলের চেইন এবং প্রায় ৬ ফুট লম্বা একটি মোটরসাইকেলের চেইন।
উদ্ধারকৃত আইইডি ও ককটেলগুলো পরিবহনে ঝুঁকিপূর্ণ হওয়ায় বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দলকে আনা হয়। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশের ফাঁকা স্থানে বিস্ফোরকগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুদ করেছিল, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর