গাজীপুর সদর উপজেলায় সাবেক স্ত্রী ও পোশাক শ্রমিক রিশমা খাতুনকে (৩০) হত্যার মূলহোতা মাসুদ রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১ এবং র্যাব-১৩। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৫টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি (বুড়াবুড়ি) গ্রামের মমর উদ্দীনের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প এবং র্যাব-১৩ রংপুর সদর ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি (বুড়াবুড়ি) এলাকার ওমর মুন্সির ছেলে। সে গাজীপুরের জয়দেবপুর থানার তালতলী এলাকার জয়নালের বাড়িতে ভাড়া থাকত।
ভুক্তভোগী গৃহবধূ রিশমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াকুল গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মনিপুর এলাকার মেঘা ডেনিম কারখানায় চাকরি করতেন।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে কর্মস্থল মনিপুর এলাকার মেঘা ডেনিম কারখানায় যাচ্ছিলেন রিশমা খাতুন। স্থানীয় বিকেবাড়ি (আক্কাছ শিকদারের) বাড়ির দক্ষিণ পাশে পৌঁছলে আসামি মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী রিশমা খাতুনকে পুনরায় বিবাহের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে পেছন থেকে ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে আসামি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।
সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় মনিপুর আল মদিনা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডারের নির্দেশে র্যাব সদস্যরা গৃহবধূ পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে বিশ্বস্ত সূত্র এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব সদস্যরা জানতে পারে মামলার প্রধান আসামি মাসুদ রানা কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় আত্মগোপনে আছে। ওই এলাকায় র্যাব-১৩ রংপুর সদর ক্যাম্পের সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে হত্যার মূলহোতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গৃহবধূ পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যায় জড়িত মাসুদ রানাকে রংপুর থেকে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর