গাজীপুর সদর উপজেলায় তারাবি পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজের এক দিন পর মাহবুব (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের আগুনে পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভবানীপুরের খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার পাশে লিচুবাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহবুব পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার বাবা স্থানীয় একটি কারখানায় কর্মরত। মাহবুব খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার নাজেরানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোশারফ হোসেনের লিচুবাগানের পাশ দিয়ে হাঁটার সময় আগুনে পোড়া একটি লাশ দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে নিহতের পরিবার এসে মরদেহ শনাক্ত করে পুলিশকে জানায়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা সোহাগ বলেন, রাত তারাবির নামাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। রাত ৯টার দিকে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করি। সারারাত অপেক্ষা করেও কোনও সন্ধান পাইনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই লাশ পাওয়া গেছে। পরে এসে দেখি ঝোপের জঙ্গলে ছেলেকে আগুনে পোড়া অবস্থায় পড়ে আছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর