নোয়াখালী সুবর্ণচর উপজেলায় পচা ভাত খেয়েই সেহরি-ইফতার করা তিন সন্তানসহ দিশেহারা জীবনযাপন করা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।তার কষ্ট দূর করার জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তাও প্রদান করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে আয়েশা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন নাছির উদ্দীন নাছির।এ সময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং শিগগিরই একটি নিরাপদ ঘর নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরে তার পক্ষ থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আয়েশা বেগমের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
জানা যায়, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর তিন সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন আয়েশা বেগম। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় অনেক সময় না খেয়েই দিন পার করতে হয়েছে তাদের।বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করে।খবরটি নজরে আসার পর মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত উদ্যোগ নেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আয়েশা বেগমের পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবো।তিনি আরও বলেন, আয়েশা বেগম মানবেতর জীবনযাপন করায় দ্রুত খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ঈদের আগেই ঘর নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিধবা আয়েশা বেগম আর একা নন তার পাশে বিএনপি, যুবদল ও ছাত্রদল রয়েছে।
নগদ অর্থ সহায়তার সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ বাবুল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডা. বোরহান, ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, আয়েশা বেগম দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন। ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পক্ষ থেকে ঘর নির্মাণের আশ্বাস ও খাদ্য সহায়তা পাওয়ায় পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত ঘর নির্মাণ কাজ বাস্তবায়িত হলে পরিবারটি নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।এদিকে অর্থ সহায়তা ও ঘর নির্মাণের আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশা বেগম। তিনি বলেন, আমার কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। দীর্ঘদিন সন্তানদের নিয়ে খুব কষ্টে ছিলাম। আজ সাহায্য পেয়ে মনে হচ্ছে, এখনও আমাদের কথা ভাবার মানুষ আছে। সবাইকে ধন্যবাদ জানাই।
কুশল/সাএ
সর্বশেষ খবর