মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পরে ইরান রক্ষণাত্মক অবস্থান থেকে প্রতিপক্ষের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। রোববার বিবিসি ফার্সি জানায়, দুবাই, দোহা, বাহরাইনের মানামা ও সৌদি আরবের রিয়াদের লক্ষ্যবস্তুতে ইরানের হামলার ইঙ্গিত পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলায় চারজন আহত হয়েছে।
ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি পারস্য উপসাগর ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, অভিযান কয়েকটি ধাপে পরিচালিত হয়েছে, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
ওমান নিউজ এজেন্সি জানায়, ওমানের গুরুত্বপূর্ণ দুকুম বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, এতে একজন কর্মী আহত হয়েছে। এই বন্দরটি আরব সাগরের তীরে অবস্থিত একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং ২০২২ সালে উদ্বোধনের পর থেকে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, একাধিক বিস্ফোরণ ও ধোঁয়া লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সের বিবৃতিতে বলা হয়েছে, এক দিনে বড় আকারের বিমান হামলার মাধ্যমে ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ স্থাপন এবং তেহরানের দিকে অগ্রসর হওয়ার পথ তৈরি করার চেষ্টা করা হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সে ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রও এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি।
ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম তেহরানে বিস্ফোরণের খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান হামলা-পাল্টা হামলায় আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর