পঞ্চগড় বাজারে সাহির এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল রাতের আঁধারে ভেঙে ভাতিজির কাছ থেকে দখল চেষ্টার অভিযোগ উঠেছে চাচীর বিরুদ্ধে। এছাড়া ভাতিজিকে বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভাতিজি সুমাইয়া কায়সার।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলার শহরের আবাসিক প্রিতম হোটেলের অভ্যর্থনা কক্ষে সুমাইয়া কায়সার এই সংবাদ সম্মেলন করেন। সুমাইয়া কায়সার জানান, তার বার লিজকৃত জমিতে নিউ সিটি প্রেস ব্যবসা প্রতিষ্ঠানটি তার চাচা গোলাম রব্বানী দেখাশোনা করতেন। কিন্তু চাচা মারা যাওয়ার পর তার চাচী রেহেনা আক্তার জমিটি নিজের নামে লিজ নেওয়ার পাঁয়তারা করেন এবং বিভিন্ন অপকৌশল অবলম্বন করতে থাকেন। এ নিয়ে পঞ্চগড় বণিক সমিতি একটি সালিশি বৈঠকে দুই পক্ষকে ডেকে মীমাংসা করে এবং লিজকৃত জায়গা দুই ভাগ করে দেয়। পরে তার অংশে সাহির এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।
কিন্তু বুধবার দিবাগত গভীর রাতে তার চাচী অসৎ উদ্দেশ্যে বখাটে মাদকাসক্তদের ভাড়া করে সন্ত্রাসী কায়দায় তার ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে ফেলে দখলের চেষ্টা করছেন। এমতাবস্থায় ন্যায়বিচার পেতে তিনি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় সাংসদ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়াও চাচী রেহেনা আক্তারের নামে থানায় জিডি করা হয়েছে বলেও উল্লেখ করেন সুমাইয়া কায়সার। সংবাদ সম্মেলনে পঞ্চগড়ে কর্মরত বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর