বগুড়ার শেরপুর উপজেলায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় রাস্তার পাশে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় পার হলেও তার জ্ঞান না ফেরায় এবং অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছিল। তবে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের পর ডাটাবেজে যাচাই করা হলেও তার কোনো তথ্য মেলেনি। ফলে ওই ব্যক্তির নাম বা ঠিকানা এখনো অজানা।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, খবর পাওয়ার পর থেকেই আমরা যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তার ছবি দেশের বিভিন্ন থানায় এবং গণমাধ্যমে পাঠানো হয়েছে। প্রযুক্তির ব্যবহার করেও কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার স্বজনদের খুঁজে বের করতে।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যুবকের পরিচয় নিশ্চিত হতে বা কোনো তথ্য জানা থাকলে শেরপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর