গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরাইল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্য হিসেবে ইসরাইলি ভূখণ্ডের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও উল্লেখ করা হচ্ছে। এখন পর্যন্ত ইরান একাধিক দেশের সঙ্গে সংঘাতময় পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে।
এরই মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান আরও একটি বড় হামলার দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসের বরাতে জানানো হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
ফারস নিউজ জানায়, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রগুলো কীভাবে সহায়তা করে, তা চিহ্নিত করতেই বাহরাইনের এই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলাটি দুবাইয়ের অ্যামাজন ডাটা সেন্টার এবং অঞ্চলের অন্যান্য কৌশলগত স্থাপনায় আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ।
এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে এবং বাহরাইনে আমাদের একটি স্থাপনার খুব কাছে ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।’
প্রতিষ্ঠানটি আরও যোগ করেছে, ‘এ হামলার কারণে কাঠামোগত ক্ষতি হয়েছে এবং আমাদের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু ক্ষেত্রে আগুন নেভানোর কাজের প্রয়োজন হওয়ায় অতিরিক্ত পানির কারণেও ক্ষয়ক্ষতি হয়েছে।’
সূত্র: মিডল ইস্ট মনিটর।
কুশল/সাএ
সর্বশেষ খবর