ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানে দ্রুত যুদ্ধ ও সহিংসতা বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আহ্বান জানিয়েছেন।
শনিবার (৭ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ফোনালাপে তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। একই সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য জানান।
ফোনালাপের কিছুক্ষণ পর ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যকে ঘিরে বিদ্যমান সংকট সমাধানে বলপ্রয়োগের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে প্রেসিডেন্ট পুতিন নিয়মিত যোগাযোগ রাখছেন। পেজেশকিয়ানের সঙ্গে আলাপচারিতায় তিনি ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে সংহতি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইলও।
হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।
কুশল/সাএ
সর্বশেষ খবর