ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ফাল্গুনের মাঝামাঝিতে হঠাৎ ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সাময়িক দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তাপু জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
সর্বশেষ খবর