তীব্র সামরিক উত্তেজনার মধ্যেও কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের জনগণকে পরাজিত বা নতি স্বীকার করাতে পারবে—এমন আশা শত্রুদের ত্যাগ করা উচিত। খবর- তাসনিম নিউজ এজেন্সি।
শনিবার (৭ মার্চ) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের মুখে দেশের অভ্যন্তরীণ সব মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দেশ ও মাতৃভূমি রক্ষায় সবাইকে একসঙ্গে শক্তভাবে দাঁড়াতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে এবং সম্মানের সঙ্গে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবে।
তিনি আরও বলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের ধারণা শত্রুদের কল্পনা ছাড়া কিছুই নয় এবং সেই স্বপ্ন তাদের ভুলে যেতে হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, ইরান আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব দেশেরই এসব নীতিকে সম্মান করা উচিত।
এ সময় প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, শত্রুদের নৃশংস আগ্রাসনে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা Ali Khamenei, বহু সামরিক কমান্ডার এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন। অনেক কমান্ডার না থাকলেও দেশের সশস্ত্র বাহিনী সম্মানের সঙ্গে মাতৃভূমি রক্ষায় দৃঢ়ভাবে কাজ করছে।
পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইরানের প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা নেই। বরং এসব দেশকে তারা ভ্রাতৃপ্রতিম মনে করে।
তিনি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।
এছাড়া অস্থায়ী নেতৃত্ব পরিষদের এক বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে—শত্রুপক্ষ যদি প্রতিবেশী কোনো দেশ থেকে ইরানের ওপর হামলা না চালায়, তাহলে সেই দেশগুলোর দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা হামলা চালানো হবে না।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতের পরিবর্তে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করাই ইরানের লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
সাজু/নিএ
সর্বশেষ খবর