ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সবির কুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ফলে পূর্বঘোষিত এই অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেল।
জানা গেছে, ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সাইফুল ইসলাম ফিরোজ এই ইফতার মাহফিলের আয়োজন করেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলের আদেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সাইফুল ইসলাম ফিরোজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রস্তুতি হিসেবে কালীগঞ্জ নলডাঙ্গা স্ট্যান্ডের পাশে ফাঁকা স্থানে বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি সম্পন্ন হয়। রোববার দুপুর থেকে হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করেন।
এদিকে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে একই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দেওয়া হয়। ফলে দুই পক্ষের একই স্থানে অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ফিরোজের মাহফিলে হামলা হতে পারে আশঙ্কায় পুলিশ এসে তাদের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারির বিষয়টি স্থানীয়দের অবগত করতে শহরে মাইকিং করা হয়।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, "আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া সৈনিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমি তারেক রহমানের সফলতা ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কর্মসূচির আয়োজন করেছিলাম। এখন আপনাদের মাধ্যমে শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে।" তিনি আরও বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা রক্ষায় মাহফিল না করে অন্যত্র করার ব্যবস্থা নিয়েছি।"
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর