শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সাবেক এই যুবদল নেতা নিজেকে নির্দলীয় নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে ফেস্টুনে শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। একসময় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে সম্প্রতি ফাহিম হাসান রনি মাঝির ছবি সম্বলিত একটি নির্বাচনী ফেস্টুন এলাকায় টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। ওই ফেস্টুনে উপরের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডানপাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাঝখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া ফেস্টুনে নিজেকে নিরপেক্ষ নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবি করা হয়েছে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে ফাহিম হাসান রনি মাঝি বলেন, "আমি রাজনীতির বাইরে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করব। সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অনেক। এই কারণে আমার কাছে সে মহান। অন্যদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে। আমি তা অস্বীকার করি না। যেহেতু দুজন নেতাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে, তাই দুজনের ছবিই আমি রেখেছি। আর তারেক রহমানের ছবি দেওয়ার কারণ হচ্ছে, সে এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি অন্য কোনো কারণে এ ছবিগুলো রাখিনি।"
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর