পঞ্চগড়ে ঈদ উপলক্ষে জমে উঠেছে ঈদ বাজার। প্রতিদিন পুরুষদের সাথে হাজারও নারী তাদের শিশুদের নিয়ে ঈদের কেনাকাটা করতে আসছেন। কিন্তু শিশুদের জন্য নিরাপদ কোনো মাতৃদুগ্ধ কেন্দ্র না থাকায় তাদের ঈদ কেনাকাটা করতে এসে বিড়ম্বনায় পড়তে হয়। মা ও শিশুদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পঞ্চগড়ের যুবদল নেতা মো. হায়াতুন আলম একটি অস্থায়ী মাতৃদুগ্ধ পান কেন্দ্র নির্মাণ করে দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় বাজারের প্রাণকেন্দ্র সিনেমাহল সড়কের পঞ্চগড় বাজার ১ নং গলির সামনে প্রবেশমুখে এই মাতৃদুগ্ধ পান কেন্দ্র উন্মুক্ত করা হয়। এ সময় পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহিরুল ইসলাম সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাতৃদুগ্ধ পান কেন্দ্রে পঞ্চগড় পৌরসভা এলাকার নারী নাসরিন বেগম তার কোলের শিশুকে প্রথম দুধ পান করান। পরে নাসরিন বেগম এরকম একটি কেন্দ্র করে দেওয়ায় হায়াতুন আলমকে ধন্যবাদ জানান।
যুবদল নেতা হায়াতুন আলম জানান, তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদের একজন প্রার্থী। এজন্য পৌর এলাকার উন্নয়ন এবং নানাবিধ সমস্যা নিয়ে কাজ করছেন। নিজস্ব বিবেকবোধ থেকে বাজারে আসা নারীদের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে এই উদ্যোগ নিয়েছেন। কেনাকাটা করতে আসা নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যখনই শিশুরা দুধপানের জন্য কান্নাকাটি করবে তখনই যাতে এই কেন্দ্রে এসে নির্দ্বিধায় শিশুকে দুধ পান করান। ইতোমধ্যে হায়াতুন আলমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী এবং নারীরা। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই মেয়র প্রার্থীর প্রশংসা করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর